জাতীয়
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার আজ পদত্যাগের সিদ্ধান্ত!
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ (সজীব ভুঁইয়া)—আজ বুধবার দায়িত্ব থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন। সরকারের নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।সূত্র জানায়, বুধবার সন্ধ্যায় বা সর্বোচ্চ বৃহস্পতিবার নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। তফসিল প্রকাশের আগেই দুই উপদেষ্টা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। সরকার–ঘনিষ্ঠ কয়েকটি সূত্র বলছে, পদত্যাগের ঘোষণা জানাতেই সংবাদ সম্মেলন আয়োজন করা হতে পারে।প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার যমুনায় এক বৈঠকে জ্যেষ্ঠ উপদেষ্টারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। নিয়মিত সাপ্তাহিক বৈঠকের সময়ই দুই উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ আনুষ্ঠানিকভাবে উঠে আসে এবং সন্ধ্যার পর বিষয়টি প্রায় নিশ্চিত হয়।সরকারি মহলের দাবি, সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই দুই উপদেষ্টাকে দায়িত্ব ছাড়ার অনুরোধ জানানো হয়েছিল। তাঁরা সময় চাইলেও সর্বশেষ পরিস্থিতিতে তফসিল ঘোষণার আগে পদত্যাগই সরকারের সমন্বিত অবস্থান হিসেবে বিবেচিত হয়েছে। বিশেষ করে ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের নির্বাচন–ঘনিষ্ঠ সময়ে উপদেষ্টা পরিষদে থাকা নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা ছিল দীর্ঘদিন ধরেই।এদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ আজ দুপুর ৩টায় সচিবালয়ে সংবাদ সম্মেলন ডাকেছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি সমসাময়িক বিষয়ে বক্তব্য দেবেন।গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন ছাত্র আন্দোলনের তিন নেতা উপদেষ্টা পরিষদে সুযোগ পান। নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নেন। শ্রম উপদেষ্টার দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদ পরে স্থানীয় সরকার বিভাগে যান, আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করে পরে উপদেষ্টার দায়িত্ব পান।তফসিল ঘোষণার প্রাক্কালে দুই উপদেষ্টার পদত্যাগকে সরকারের স্বাভাবিক রদবদলের অংশ হিসেবে দেখা হচ্ছে। তবে তাঁদের ব্যক্তিগত মন্তব্য জানতে বারবার ফোন ও বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
Facebook Comments