জাতীয়
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, মেডিক্যাল বোর্ডের স্বস্তি!
নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় নতুন কোনো জটিলতা দেখা না দেওয়াকে স্বস্তির খবর হিসেবে দেখছেন চিকিৎসকরা।
চিকিৎসক দলের সদস্যরা জানিয়েছেন, প্রায় ৮০ বছর বয়সের কারণে খালেদা জিয়ার সুস্থ হতে সময় বেশি লাগছে। বয়সের সঙ্গে থাকা একাধিক দীর্ঘমেয়াদি রোগও চিকিৎসা প্রক্রিয়াকে জটিল করে তুলছে। তবুও নতুন কোনো অবনতি না হওয়াকে ইতিবাচক ইঙ্গিত মনে করছেন তারা।
মেডিক্যাল বোর্ডের একজন সদস্য জানান, সব ধরনের আধুনিক চিকিৎসা দেওয়ার পরও তাঁর শারীরিক উন্নতি প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না। বয়সজনিত উচ্চঝুঁকি বিবেচনায় চিকিৎসা পরিকল্পনা অত্যন্ত সতর্কতার সঙ্গে করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমানে খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল। নতুন করে কোনো উপসর্গ না দেখা দেওয়ায় চিকিৎসকদল কিছুটা আশ্বস্ত।
এদিকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার বিষয়ে এখনই সিদ্ধান্ত নিচ্ছে না বোর্ড। চিকিৎসকদের মতে, এভারকেয়ার হাসপাতালের বর্তমান চিকিৎসা ব্যবস্থা আন্তর্জাতিক মানের, এবং বিদেশে নেওয়ার ক্ষেত্রে পরীক্ষা-নিরীক্ষা ও সময় ব্যবস্থাপনায় নানা জটিলতা তৈরি হতে পারে।
চিকিৎসার সার্বিক তদারকিতে রয়েছেন খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। তিনি হাসপাতালের বেশির ভাগ সময় শাশুড়ির পাশে থাকেন এবং চিকিৎসার বিভিন্ন বিষয়ে সরাসরি সমন্বয় করেন।
বিএনপির নেতারা জানিয়েছেন, কাতারের আমিরের সহযোগিতায় একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা আছে। মেডিক্যাল বোর্ড সিদ্ধান্ত দিলেই সে বিমান বাংলাদেশে এসে পৌঁছাবে।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদযন্ত্রসহ নানা জটিল রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর রাতে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে হাসপাতালে নেওয়া হলে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে এবং পরে অবস্থার অবনতি হলে তাঁকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
অন্তর্বর্তী সরকার তাঁকে ‘ভিভিআইপি’ ঘোষণা করায় তাঁর নিরাপত্তার দায়িত্ব নিয়েছে এসএসএফ। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশের শীর্ষ চিকিৎসকদের পাশাপাশি চীন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ড তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে।
গত সপ্তাহে বোর্ড থেকে লন্ডনে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও শারীরিক অবস্থা দীর্ঘ যাত্রার উপযোগী না হওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। এখন আপাতত ঢাকাতেই তাঁর চিকিৎসা চালিয়ে যাচ্ছে মেডিক্যাল টিম।
Facebook Comments