আইন-আদালত
বরগুনা সদরে যৌথবাহিনীর চেকপোস্ট পরিচালনা, ১১ মামলায় ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা!
বরগুনা সদর উপজেলার গৌরীচন্না বাজার সংলগ্ন কলেজ মোড়ে যৌথবাহিনীর উদ্যোগে একটি চেকপোস্ট পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত এ চেকপোস্ট কার্যক্রম পরিচালিত হয়।বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট পিয়ালুর রহমান শান্ত (এস), বিএন (পি নং-৩৭৬১)-এর নেতৃত্বে ৯ সদস্যবিশিষ্ট একটি নৌবাহিনী সেকশন এবং বরগুনা সদর ট্রাফিক পুলিশের ২ সদস্যের সমন্বয়ে যৌথভাবে এ অভিযান পরিচালিত হয়।চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক ও মোটরসাইকেল তল্লাশি করা হয়। পাশাপাশি যানবাহনের কাগজপত্র, চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার নিশ্চিত করা হয়। সন্দেহভাজন ব্যক্তিদেরও তল্লাশি করা হয়।অভিযানকালে মোট ১১২টি যানবাহন তল্লাশি করা হয়। এর মধ্যে ৭৫টি মোটরসাইকেল, ৭টি সিএনজি চালিত অটোরিকশা, ১০টি ট্রাক, ৫টি বাস, ৭টি প্রাইভেটকার ও ৮টি ইজি বাইক রয়েছে।যানবাহন সংক্রান্ত বিভিন্ন অনিয়মের অভিযোগে মোট ১১টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ১০টি মামলা মোটরসাইকেলের বিরুদ্ধে এবং ১টি মামলা ট্রাকের বিরুদ্ধে করা হয়। এসব মামলার বিপরীতে সর্বমোট ৪১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।সংশ্লিষ্টরা জানান, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments