জাতীয়
রাতের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ না হলে যমুনার সামনে অবস্থানের হুঁশিয়ারি জাতীয় ছাত্রশক্তির!
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম রাতের মধ্যেই পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয়।সমাবেশে প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ হাসান বলেন, “আমরা ড. ইউনূসকে সাবধান করে দিচ্ছি। আপনার যদি মনে হয় এই কণ্ঠ আপনার কানে পৌঁছায় না, তাহলে যমুনার পাশে গিয়ে সেই কণ্ঠ পৌঁছে দিয়ে আসব। আপনি যদি আজ রাতে শান্তিতে ঘুমাতে চান, তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের ব্যবস্থা করুন। অন্যথায় রাতে আপনার বাসার পাশেই গিয়ে এই কণ্ঠ শোনানো হবে।”তিনি আরও বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে যাচ্ছে। এই পরিস্থিতির সম্পূর্ণ দায় স্বরাষ্ট্র উপদেষ্টার। তার ব্যর্থতার কারণে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।সমাবেশ থেকে অবিলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করার দাবি জানিয়ে নেতারা বলেন, দাবি মানা না হলে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে যমুনার সামনে অবস্থান নেওয়া হবে।এ বিষয়ে সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Facebook Comments