অপরাধ
সাভারে ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তি গ্রেপ্তার
আরমান শাকিল সভার প্রতিনিধিঃ সাভার হাইওয়ে পুলিশের সার্জেন্ট পরিচয়ে দীর্ঘদিন ধরে অটো রিকশাচালকসহ সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসা জসিম মন্ডল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ।গ্রেপ্তারকৃত জসিম মন্ডলের পিতার নাম মইনুদ্দিন এবং মাতার নাম আসিয়া। তার গ্রামের বাড়ি মাগুরা জেলার মদনপুর গ্রামে, ডাকঘর চর সেলামতপুর। তিনি দীর্ঘদিন ধরে সাভার এলাকায় বসবাস করে আসছিলেন।সাভার হাইওয়ে থানা সূত্রে জানা যায়, জসিম মন্ডল নিজেকে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট পরিচয় দিয়ে বিভিন্ন এলাকায় অটো রিকশাচালকদের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন। তিনি তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার আশ্বাস দিয়ে বিশ্বাস অর্জন করেন। পরবর্তীতে হাইওয়ে থানা থেকে গাড়ির ব্যাটারি সরবরাহ করবেন বলে একাধিক অটো রিকশাচালকের কাছ থেকে বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করেন বলে অভিযোগ রয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুর আনুমানিক ১২টার দিকে সাভার হাইওয়ে থানার এসআই আনজিলের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে। অভিযানকালে সি অ্যান্ড বি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।সাভার হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুয়া পুলিশ পরিচয়ে প্রতারণা একটি গুরুতর ও শাস্তিযোগ্য অপরাধ এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
Facebook Comments