জাতীয়
নৌবাহিনীর অভিযানে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার
চট্টগ্রাম, ২০ ডিসেম্বর ২০২৫:দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে টেকনাফে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।নৌবাহিনী সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নৌবাহিনীর বিশেষায়িত ফোর্স সোয়াডস ও একটি নৌবাহিনী কন্টিনজেন্ট অংশ নেয়। এ সময় টেকনাফ থানার পুলিশ সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।অভিযানকালে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত লম্বা মিজানের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে দেশি ও বিদেশি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে তিনটি পিস্তল, বিভিন্ন মডেলের নয় রাউন্ড লাইভ অ্যামুনিশন, চার রাউন্ড পিস্তল বল, দুটি দেশীয় অস্ত্র এবং ১০ হাজার পিস ইয়াবা।উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, উপকূলীয় অঞ্চলসহ দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননিরাপত্তা ও শান্তি বজায় রাখতে নৌবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments