আন্তর্জাতিক
বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানে নৌবাহিনীর নতুন কন্টিনজেন্ট!
ঢাকা, ২২ ডিসেম্বর ২০২৫:
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর ৭১ সদস্যের একটি কন্টিনজেন্ট আজ সোমবার দক্ষিণ সুদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। তারা ‘ইউনাইটেড নেশনস মিশন ইন সাউথ সুদান (UNMISS)’-এ নিয়োজিত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১১-এর দ্বিতীয় দলে অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করবে।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করা এই কন্টিনজেন্টটি বর্তমানে দক্ষিণ সুদানে কর্মরত বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট–১০-এর দায়িত্বভার গ্রহণ করবে। এর আগে গত ৯ ডিসেম্বর ২০২৫ প্রথম দফায় ৯৯ জন নৌসদস্য একই মিশনে যোগ দেন।
জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী দক্ষিণ সুদানে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ফোর্স মেরিন ইউনিট দেশটির দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ইউনিটটি নিত্যপ্রয়োজনীয় জ্বালানি, খাদ্যসামগ্রী, ওষুধ এবং মানবিক সহায়তা বহনকারী বার্জের নিরাপদ চলাচল নিশ্চিত করা, নৌপথে জলদস্যুতা প্রতিরোধ ও পর্যবেক্ষণ, অগ্নিনির্বাপণ কার্যক্রমে সহায়তা প্রদানসহ বহুমুখী দায়িত্ব পালন করছে।
এছাড়াও, বার্জে কর্মরত বেসামরিক নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনাকবলিত নৌযানে উদ্ধার অভিযান পরিচালনা এবং শান্তিরক্ষী মিশনে নিয়োজিত সামরিক ও বেসামরিক সদস্যদের জন্য প্রয়োজনীয় রসদ দুর্গম এলাকায় পৌঁছে দেওয়ার কাজ নিয়মিতভাবে সম্পাদন করছে ইউনিটটি।
বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় গত তিন দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ নৌবাহিনী সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। আহত সামরিক ও বেসামরিক ব্যক্তিদের উদ্ধার, জরুরি চিকিৎসা সহায়তা এবং ডুবুরি কার্যক্রমেও নৌবাহিনীর অবদান আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
দক্ষিণ সুদানের পাশাপাশি লেবাননের ভূমধ্যসাগরে উপমহাদেশের একমাত্র মেরিটাইম টাস্কফোর্স সদস্য হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা সংগ্রাম দায়িত্ব পালন করছে। নীল নদের প্রায় ১,৩১১ কিলোমিটার দীর্ঘ নৌপথে পরিচালিত একাধিক সফল লজিস্টিক অপারেশনের মাধ্যমে শান্তিরক্ষী কার্যক্রমে নৌবাহিনীর সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।
বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশ নৌবাহিনীর এই ধারাবাহিক ও পেশাদার অংশগ্রহণ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে।
Facebook Comments