অপরাধ
জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ!
আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত শতাধিক গুম ও হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত তিন সদস্যের বিচারিক বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।শুনানিতে প্রথমে প্রসিকিউশন পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এরপর আসামিপক্ষের আইনজীবীরা বক্তব্য রাখবেন। উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে পরবর্তী আদেশ দেবেন ট্রাইব্যুনাল।এর আগে গত ২৩ ডিসেম্বর জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সে সময় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন প্রসিকিউটর শাইখ মাহদী। একই সঙ্গে অভিযোগ গঠনের শুনানির জন্য সময় চাওয়া হলে ট্রাইব্যুনাল তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং আজকের দিন শুনানির জন্য নির্ধারণ করেন।এরও আগে, ১৭ ডিসেম্বর জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা প্রসিকিউশনের তিনটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল-১। সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগের পক্ষে শুনানি করেন। তিনি জানান, সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে শতাধিক মানুষকে গুমের পর হত্যার সঙ্গে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।প্রসিকিউশনের পক্ষ থেকে ওই দিন সকালে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়। মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ছাড়াও জিয়াউল আহসানের বিরুদ্ধে আরও একাধিক মামলা চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
Facebook Comments