বিশেষ সংবাদ
নৌবাহিনীর উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘আশার আলো ঢাকা’র নির্মাণ কাজ উদ্বোধন!
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে সহায়তার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের উদ্যোগে ঢাকার খিলক্ষেতে বিশেষায়িত প্রতিষ্ঠান ‘আশার আলো ঢাকা’-এর নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শারমীন এস মুরশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং প্রেসিডেন্ট বিএনএফডব্লিউএ নাদিয়া সুলতানা।অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ নৌবাহিনী ও বিভিন্ন দাতা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা নৌ অঞ্চলের সামরিক ও অসামরিক ব্যক্তিবর্গ, চেয়ারম্যান বিএন লেডিস ক্লাব ঢাকা, চেয়ারম্যান নৌ পরিবার কল্যাণ সংঘ ঢাকা এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।উদ্বোধনী অনুষ্ঠানে নির্মাণাধীন ‘আশার আলো ঢাকা’ প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, এসব শিশুদের শিক্ষা, চিকিৎসা ও মানসিক বিকাশে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির উন্নয়ন, প্রসার ও সফলতায় সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন।
‘বিশেষ শিক্ষার অধিকার’—এই মূলমন্ত্রকে ধারণ করে নির্মিতব্য ‘আশার আলো ঢাকা’য় অটিজম, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোমসহ বিভিন্ন শ্রেণির বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য শিক্ষা, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রম পরিচালিত হবে। প্রতিষ্ঠানটিতে বিশেষ শিশুদের উপযোগী আধুনিক শ্রেণিকক্ষ, মাল্টিডিসিপ্লিনারি থেরাপি জোন, ইনডোর প্লে এরিয়া, হাইড্রোথেরাপি পুল, আউটডোর সেন্সরি গার্ডেন এবং নিরাপদ চলাচলের জন্য র্যাম্প ও লিফট সুবিধা সংযোজন করা হচ্ছে। স্থাপত্যের প্রতিটি নকশায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।উল্লেখ্য, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত প্রশিক্ষণ প্রদানে উল্লেখযোগ্য অবদান রাখায় ‘আশার আলো চট্টগ্রাম’ ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবসে দেশের শ্রেষ্ঠ বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। এটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের কল্যাণে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধ ও সামাজিক অঙ্গীকারের এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত।
Facebook Comments