অপরাধ
আশুলিয়ায় ৯৮০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার
আশুলিয়া প্রতিনিধি:আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আখিল ইসলাম (২৫) নামের এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ও জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. শহিদুজ্জামান। এর আগে বুধবার (৭ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে আশুলিয়ার নয়ারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আখিল ইসলাম ঢাকা জেলার সাভার মডেল থানাধীন পোড়াবাড়ি ছোট ওমরপুর এলাকার বাসিন্দা। তিনি মো. লোকমান মিয়া ওরফে লুখুমের ছেলে। পুলিশ জানায়, আখিল একজন পেশাদার ও দীর্ঘদিন ধরে সক্রিয় মাদক কারবারি হিসেবে পরিচিত।পুলিশ সূত্রে জানা যায়, নয়ারহাট বাজার সংলগ্ন ব্রিজের নিচে কয়েকজন মাদক কারবারি ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. শহিদুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আখিল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এ বিষয়ে এসআই মো. শহিদুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আখিল ইসলাম মাদক কারবারে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি দীর্ঘদিন ধরে সাভার, আশুলিয়া ও ধামরাইসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা মূল্যে ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে আসছিল।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
Facebook Comments