জাতীয়
শাহজালালের মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করবেন তারেক রহমান!
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে যাবেন। সফরের শুরুতে তিনি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এর মধ্য দিয়েই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে বিএনপি।শনিবার বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।নির্বাচনী প্রচারণা শুরুর বিষয়ে শনিবার ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, সামনে জাতীয় নির্বাচন। একটি রাজনৈতিক দলের সদস্য হিসেবে তারা জনগণের সামনে তাদের পরিকল্পনা তুলে ধরবেন এবং ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সেই কার্যক্রম শুরু হবে।দলীয় সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর পরদিন, ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।সিলেট সফরের ধারাবাহিকতায় তারেক রহমান মৌলভীবাজারে একটি জনসভায় অংশ নেবেন। পরে শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখার কথা রয়েছে। বিএনপির ঐতিহ্য অনুযায়ী, হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমেই দলটি তাদের নির্বাচনী প্রচারণা শুরু করে থাকে।সফর শেষে সিলেট থেকে সড়কপথে ঢাকায় ফেরার সময় তিনি বিভিন্ন স্থানে পথসভা ও জনসভায় অংশ নেবেন বলেও দলীয় সূত্র জানিয়েছে।এদিকে, এর আগে শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক শেষে দলের উত্তরাঞ্চল সফর আপাতত স্থগিত করার সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, উত্তরবঙ্গ সফরের নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
Facebook Comments