জাতীয়
খুলনায় নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্টের উদ্বোধন
খুলনায় আধুনিক হসপিটালিটি শিক্ষা ও প্রশিক্ষণের নতুন দিগন্ত উন্মোচন করল নেভি ইনস্টিটিউট অব হসপিটালিটি ম্যানেজমেন্ট (নিহম)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক অতিথিবৃন্দ, শিক্ষাবিদ, পর্যটন ও হসপিটালিটি খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।নিহম খুলনা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে খান জাহান আলী সেতুর (রূপসা সেতু) নিকটবর্তী লবণচরা এলাকায় অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ ঘাঁটি ‘স্কুল অব লজিস্টিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর প্রাঙ্গণে স্থাপিত। মনোরম পরিবেশে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটি নৌ কল্যাণ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত একটি আধুনিক ও পেশাদার প্রশিক্ষণ কেন্দ্র।National Skill Development Authority (NSDA)-এর নীতিমালা ও মানদণ্ড অনুসরণ করে পরিচালিত এ প্রতিষ্ঠান হসপিটালিটি ম্যানেজমেন্ট খাতে দক্ষ নারী ও পুরুষ মানবসম্পদ গড়ে তুলতে কাজ করবে। প্রশিক্ষণের পাশাপাশি শৃঙ্খলা, পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধে শিক্ষার্থীদের গড়ে তোলাই নিহমের অন্যতম প্রধান লক্ষ্য।প্রতিষ্ঠানটিতে প্রাথমিকভাবে NSDA অনুমোদিত বেকারি ও পেস্ট্রি প্রোডাকশন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন এবং ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস—এই তিনটি কোর্সে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হবে। উন্নতমানের প্রশিক্ষণ নিশ্চিত করতে দক্ষ প্রশিক্ষক ও অভিজ্ঞ শেফদের পাশাপাশি আধুনিক ক্লাসরুম, সুসজ্জিত কিচেন এবং আবাসন সুবিধা সংযুক্ত করা হয়েছে।এছাড়া নারী ও পুরুষ প্রশিক্ষণার্থীদের জন্য শতভাগ আবাসন সুবিধাসহ পৃথক একটি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কার্যক্রম চলমান রয়েছে। ভবিষ্যতে কোর্সের পরিধি আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত নিহম আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের পাশাপাশি জাতীয় অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিষ্ঠানটি—এমনটাই আশা সংশ্লিষ্টদের।
Facebook Comments