অপরাধ

বিমানবন্দর থেকে সাভারের শীর্ষ সন্ত্রাসী ‘তোতলা পাভেল’ গ্রেপ্তার

Published

on

শাকিল হুসাইন:ঢাকার সাভারে ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ও চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ পাভেল ওরফে ‘তোতলা পাভেল’-কে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১টা ৩৫ মিনিটে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, চীনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা জেলা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, চীনের বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোহাম্মদ পাভেল বাংলাদেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন—এমন তথ্য ইন্টারপোলের মাধ্যমে পাওয়ার পর ঢাকা জেলা পুলিশের নির্দেশনায় সাভার মডেল থানা পুলিশের একটি দল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান নেয়। পরবর্তীতে সোমবার দুপুরে একটি ফ্লাইটে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক উত্তর) আরাফাতুল ইসলাম।পুলিশ জানায়, মোহাম্মদ পাভেল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার পুকুরপাড় গ্রামের হেফজু মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সাভার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। একই সঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পতিত উপজেলা চেয়ারম্যান হিসেবে পরিচিত শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার মনজুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ ক্যাডার হিসেবে পরিচিত।এছাড়া পাভেলের বিরুদ্ধে সাভারসহ আশপাশের এলাকায় একাধিক সহিংসতা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং রাজনৈতিক আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনি প্রক্রিয়ার আওতায় আনা হচ্ছে।

Facebook Comments

Trending

Exit mobile version