জাতীয়
সাভারে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শুভ উদ্বোধন!
দেশের সমুদ্রসীমার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় আধুনিক ও মানসম্মত শিক্ষা বিস্তারের লক্ষ্যে নৌবাহিনীর উদ্যোগে সাভারে প্রতিষ্ঠিত হলো নতুন শিক্ষা প্রতিষ্ঠান ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার’।
রোববার (১৮ জানুয়ারি) সাভারের বিরুলিয়া এলাকার ছোটকালিয়াকৈরে অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার’-এর লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি উপস্থাপন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের শুধু একাডেমিক জ্ঞান নয়, বরং মানবিক ও নৈতিক গুণাবলিতে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির উন্নয়ন ও সফলতার জন্য সরকারসহ সমাজের সর্বস্তরের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।‘শিক্ষাই প্রগতি’—এই মূলমন্ত্রকে ধারণ করে প্রতিষ্ঠিত বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, সাভার আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের মানসম্মত ও সময়োপযোগী শিক্ষা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
একটি সুশৃঙ্খল ও আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠানটিতে আধুনিক লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, ইনডোর প্লে এরিয়া, শিশুপার্ক এবং বিস্তৃত খেলার মাঠের ব্যবস্থা রাখা হয়েছে।গুণগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করে দক্ষ ও মেধাবী মানবসম্পদ গড়ে তুলতে নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এখানে সামরিক ও অসামরিকসহ সব শ্রেণি-পেশার মানুষের সন্তানদের জন্য সুশিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে, যা আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উল্লেখ্য, নৌবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘নৌবাহিনী অ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, খুলনা’ জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে। পাশাপাশি থানা পর্যায়ে শ্রেষ্ঠ স্কুলের স্বীকৃতি পেয়েছে ‘নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, ঢাকা’ এবং ‘বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই’। এসব অর্জন শিক্ষা বিস্তারে বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্ববোধ ও অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত।
Facebook Comments