জাতীয়
নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার!
চট্টগ্রাম, ৩০ জানুয়ারি ২০২৬বাংলাদেশ নৌবাহিনীর সময়োচিত অভিযানে বঙ্গোপসাগরে দুর্ঘটনার কবলে পড়া একটি মাছ ধরার বোটসহ ২০ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।নৌবাহিনী সূত্র জানায়, দেশের সমুদ্রসীমার নিরাপত্তা ও সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে নিয়মিত টহল কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে কুতুবদিয়ার অদূরে দায়িত্ব পালন করছিল বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সুরমা’। এ সময় সকাল আনুমানিক ৬টা নাগাদ জরুরি টেলিবার্তার মাধ্যমে সমুদ্রে একটি মাছ ধরার বোট ইঞ্জিন বিকল অবস্থায় ভাসমান থাকার সংবাদ পাওয়া যায়।সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই বানৌজা সুরমা দ্রুত ঘটনাস্থলের দিকে অগ্রসর হয় এবং কুতুবদিয়ার অদূরে সমুদ্রে ভাসমান অবস্থায় থাকা দুর্ঘটনাকবলিত বোটটি উদ্ধার করতে সক্ষম হয়। অভিযানে বোটে থাকা ২০ জন মাঝি ও জেলেকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।উদ্ধারকৃত বোটের মাঝিরা নৌবাহিনীকে জানান, তারা গত ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রাম থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাত্রা করেন। পরে ২৮ জানুয়ারি ভোররাতে আনুমানিক ৪টার দিকে ১০ থেকে ১২ জন দুষ্কৃতিকারী অপর একটি বোটে এসে দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে তাদের বোটে হামলা চালায়। এ সময় দুষ্কৃতিকারীরা জেলেদের জিম্মি করে বোটে থাকা মাছ, চার ড্রাম ডিজেল, গ্যাস সিলিন্ডারসহ ব্যক্তিগত মালামাল লুট করে নেয় এবং বোটটির ইঞ্জিন বিকল করে দিয়ে পালিয়ে যায়। ফলে বোটটি সমুদ্রে নিয়ন্ত্রণহীন অবস্থায় ভাসতে থাকে।বাংলাদেশ নৌবাহিনীর এই দ্রুত ও কার্যকর অভিযানের ফলে বড় ধরনের মানবিক বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। নৌবাহিনী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে এবং জেলে ও নাবিকদের জীবন রক্ষায় এ ধরনের টহল ও উদ্ধার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Facebook Comments