জাতীয়
উপকূলীয় এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের কঠোর নিরাপত্তা ব্যবস্থা!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমা, উপকূলীয় অঞ্চল ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিয়মিত টহল, অভিযান ও আইনানুগ কার্যক্রমের মাধ্যমে কোস্ট গার্ড উপকূলবাসীর জান-মাল রক্ষায় আস্থার প্রতীকে পরিণত হয়েছে।আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬কে সামনে রেখে গত ১৮ জানুয়ারি থেকে বাংলাদেশ কোস্ট গার্ড মোতায়েন রয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৮ দিনব্যাপী কোস্ট গার্ড সদস্যরা দায়িত্বাধীন উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম ও গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহে নিরাপত্তা নিশ্চিত করবে।দক্ষিণ জোনের আওতাধীন ভোলা সদর, দৌলতখান, তজুমদ্দিন, চরফ্যাশন, মনপুরা, মেহেন্দিগঞ্জ, হাতিয়া, বাউফল, রাঙ্গাবালী, কলাপাড়া ও রামগতি উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোর ১১৫টি ভোটকেন্দ্রে বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ, নিয়মিত টহল ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।এদিকে, একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একই দিনে গণভোট আয়োজন করেছে। নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাধারণ জনগণের ভোটাধিকার নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনকে সহায়তার মাধ্যমে দক্ষিণ জোনের দায়িত্বপূর্ণ এলাকায় ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাহিনীটি।একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টিতে বাংলাদেশ কোস্ট গার্ড জাতির নিকট প্রতিশ্রুতিবদ্ধ এবং দায়িত্ব পালনে সদা তৎপর থাকবে বলে জানানো হয়।ব্রিফিং প্রদান করেন দক্ষিণ জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ আরিফ হোসেন, (সি), এএফডব্লিউসি, পিএসসি, বিএন।
Facebook Comments