জাতীয়

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায়ে নৌবাহিনী প্রধানের পরিদর্শন

Published

on

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে মাঠ পর্যায়ে দায়িত্ব পালনরত নৌবাহিনীর কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।রবিবার (৮ ফেব্রুয়ারি) তিনি ভোলার চরফ্যাশন ও ভোলা সদর এলাকায় নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টসমূহের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নৌবাহিনীর দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যালোচনা করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পরিদর্শনকালে নৌবাহিনী প্রধান স্থানীয় অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেটগণ, জেলা নির্বাচন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিআইডব্লিউটিএ, র‍্যাব, কোস্ট গার্ড, আনসার ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করা হয়। নৌবাহিনী প্রধান বলেন, সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে সকল সংশ্লিষ্ট সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন্স এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোট প্রস্তুত রাখা হয়েছে। যে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা অপতৎপরতা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে। ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।এছাড়াও দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং অব্যাহত রয়েছে। উদ্ভূত যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং সোয়াডস টিম সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে বাংলাদেশ নৌবাহিনী প্রস্তুত রয়েছে বলে জানান নৌবাহিনী প্রধান। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয়ে নৌবাহিনী দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে।

Facebook Comments

Trending

Exit mobile version