রাজনীতি

বরগুনায় বিএনপি প্রার্থীর নামে ভাইরাল মেসেঞ্জার স্ক্রিনশট, অর্থ লেনদেন ও সিসি ক্যামেরা ভাঙচুরের নির্দেশনার অভিযোগ!

Published

on

বরগুনা প্রতিনিধি: বরগুনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লার নামে একটি মেসেঞ্জার গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি ঘিরে জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া স্ক্রিনশটে প্রশাসনকে অর্থ দেওয়া, নির্বাচনী কেন্দ্রের সিসি ক্যামেরা ভাঙচুর এবং প্রতিপক্ষকে ভয়ভীতি প্রদর্শনের নির্দেশনার অভিযোগ উঠেছে।

ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ‘নজরুল ইসলাম মোল্লা’ নামের একটি ফেসবুক প্রোফাইল থেকে একটি মেসেঞ্জার গ্রুপে একাধিক বার্তা পাঠানো হয়েছে। সেখানে কন্ট্রোল রুমে দায়িত্ব পালনকারীদের জন্য ২০ লাখ টাকা বরাদ্দের কথা উল্লেখ রয়েছে বলে দাবি করা হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের জন্য লক্ষাধিক টাকার ‘নাস্তার খরচ’ দেওয়ার ব্যবস্থার কথাও উল্লেখ আছে বলে স্ক্রিনশটে দেখা যায়।একই কথোপকথনে নির্বাচনী কেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভেঙে ফেলার এবং সেই দায় ইসলামী আন্দোলন বাংলাদেশ অথবা খেলাফত মজলিসের ওপর চাপিয়ে দেওয়ার পরিকল্পনার কথাও উল্লেখ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া প্রতিপক্ষের সক্রিয় কর্মী-সমর্থকদের মারধর করা এবং প্রয়োজনে অর্থের বিনিময়ে নিজেদের পক্ষে নিয়ে আসার নির্দেশনার কথাও স্ক্রিনশটে রয়েছে বলে দাবি করা হচ্ছে।স্থানীয় সূত্র জানায়, স্ক্রিনশটে ব্যবহৃত প্রোফাইলের নাম ও ছবি নজরুল ইসলাম মোল্লার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে মিল রয়েছে। তবে স্ক্রিনশটটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্বাচনকে সামনে রেখে এমন অভিযোগ ভোটের পরিবেশ ও প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।এ বিষয়ে নজরুল ইসলাম মোল্লার বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে।

Facebook Comments

Trending

Exit mobile version