রাজনীতি
এনসিপি নেতা ও সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহ গ্রেপ্তার
পাবনা প্রতিনিধি: চেক ডিজঅনারের একটি মামলায় পাবনা-২ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে তাকে সুজানগর থানায় হস্তান্তর করা হয় এবং সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।মুহাম্মাদ আসাদুল্লাহ হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের আকমল শিকদারের ছেলে। তিনি এনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও দলের প্রেস উইংয়ের দায়িত্বে রয়েছেন। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিতেও দায়িত্ব পালন করেন। পেশাগতভাবে তিনি দৈনিক আমার দেশ পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালে জামালপুর জেলার এক ব্যক্তির দায়ের করা চেক ডিজঅনার মামলায় তিনি এক মাসের সাজাপ্রাপ্ত ও তিন লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।তবে আসাদুল্লাহর পরিবার দাবি করেছে, নির্বাচনের পরদিন রাতে স্থানীয় ছাত্রদল ও বিএনপির কিছু নেতাকর্মী তাদের বাসায় গিয়ে আসাদ ও তার বাবার গায়ে রং মাখিয়ে দেন। এর প্রতিবাদ করলে তাদের ওপর হামলা চালানো হয়। পরিবারের অভিযোগ, পরবর্তীতে পুরোনো মামলাকে ভিত্তি করে হয়রানির উদ্দেশ্যে পুলিশ ডেকে তাকে গ্রেপ্তার করানো হয়েছে।আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, “শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। একটি পারিবারিক ও হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা এ ঘটনায় বিস্মিত এবং তার দ্রুত মুক্তি দাবি করছি।”সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ২০২৪ সালের একটি অর্থঋণ সংক্রান্ত মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে আদালতে পাঠানো হয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Facebook Comments