অপরাধ
কাগজপত্র দেখতে চাওয়ায় সার্জেন্টের ওপর হামলার অভিযোগ, ট্রাকচালক গ্রেপ্তার
চট্টগ্রামের ফটিকছড়িতে দায়িত্বরত অবস্থায় এক ট্রাকচালকের হামলায় গুরুতর আহত হয়েছেন ট্রাফিক সার্জেন্ট ইনস্পেক্টর (টিএসআই) মফিজ উদ্দিন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদরের বিবিরহাট বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ট্রাকচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত ডিউটির অংশ হিসেবে বাসস্ট্যান্ড এলাকায় যানবাহনের কাগজপত্র যাচাই করছিলেন টিএসআই মফিজ উদ্দিন। এ সময় একটি ডাম্প ট্রাক থামিয়ে কাগজপত্র পরীক্ষা করতে চাইলে চালক আকবর ক্ষিপ্ত হয়ে উঠেন। একপর্যায়ে তিনি অতর্কিতভাবে টিএসআই মফিজ উদ্দিনকে উপর্যুপরি লাথি ও ঘুসি মারতে থাকেন। এতে মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন তিনি। ঘটনার পর উপস্থিত স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা অভিযুক্ত চালক আকবরকে আটক করে।
আহত পুলিশ সদস্য মফিজ উদ্দিন বলেন, ‘আমি বাসস্টেশনে নিয়মিত ডিউটির অংশ হিসেবে দায়িত্ব পালন করছিলাম। কাগজপত্র যাচাইয়ের জন্য ডাম্প ট্রাকটি আটক করলে চালক হঠাৎ করে আমার ওপর হামলা চালায়।’
ফটিকছড়ি থানার ওসি (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চালককে আটক করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় একটি মামলা হয়েছে।
Facebook Comments