রাজনীতি

যশোরে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষ

Published

on

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়া বাজার এলাকায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে সংঘটিত এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৯ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত গতকাল বুধবার। পারিবারিক কবরস্থানের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে বিএনপির সমর্থক আশিক ও জামায়াত সমর্থক সাত্তারের মধ্যে মারামারি হয়। ওই ঘটনায় সাত্তার আহত হন।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন জামায়াতের সভাপতি শের আলীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। আসরের নামাজের পর মিছিলটি ভাটপাড়া বাজার এলাকায় পৌঁছালে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে জামায়াতের পক্ষ থেকে মাসুদ কামাল, মো. বুখারী, জাহাঙ্গীর হোসেন ও আহাদ মোল্লা আহত হয়েছেন। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে ইকবাল, খালিদ শেখ, খালিদ, ইউসুফ হোসেন ও ফোরকান আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় অভয়নগর আর্মি ক্যাম্পের টহল দল ও থানা পুলিশ। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলেও অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, জড়িতদের শনাক্ত করার কাজ চলছে। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments

Trending

Exit mobile version