অপরাধ
আমবাগান থেকে যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি আমবাগান থেকে শিহাব আলী নামের এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার চণ্ডিপুরের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিহাব চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের সরজন গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি শিবগঞ্জ উপজেলার বহলাবাড়ি এলাকায় খালার বাড়িতে থেকে বিদেশে যাওয়ার প্রস্তুতি হিসেবে জাপানি ভাষা শিখছিলেন।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল হাসান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত শুক্রবার রাতে শিহাব বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শনিবার বিকেলে চণ্ডিপুরের একটি আমবাগানে হাত-পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে এবং স্বজনরা সেটি শিহাবের বলে শনাক্ত করেন।
পুলিশ পরিদর্শক শাকিল হাসান জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থল থেকে নেশাজাতীয় ইনজেকশনের খালি অ্যাম্পুল ও সিরিঞ্জ জব্দ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তাদের ধারণা, হত্যার আগে শিহাবসহ ঘাতকরা সেখানে মাদক গ্রহণ করে থাকতে পারে অথবা মাদক দিয়ে তাকে নিস্তেজ করে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশি অভিযান শুরু হয়েছে।
Facebook Comments