জাতীয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা, প্রবাসীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

Published

on

ইরানসহ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের পরিপ্রেক্ষিতে প্রবাসী বাংলাদেশিদের বিষয়ে খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১ মার্চ) সকালে সচিবালয়ে পররাষ্ট্রসংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে খোঁজ নেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির রোববার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশিরা কী অবস্থায় আছেন সে বিষয়ে প্রধানমন্ত্রী খোজঁ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যকেন্দ্রিক অনেক ফ্লাইট বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। এ ছাড়া হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল কীভাবে করা হচ্ছে তাও প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারকি করছেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমান বন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।

এর আগে, এদিন সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুর্যোগ ব্যবস্থা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

এ বিষয়ে আতিকুর রহমান রুমন বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশও দিয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

Facebook Comments

Trending

Exit mobile version