আন্তর্জাতিক

‘লেবাননে ইরানি দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাস টার্গেট হবে’

Published

on

লেবাননে ইরানের কূটনৈতিক মিশন বা প্রতিনিধিদের ওপর হামলা হলে বিশ্বব্যাপী সব ইসরায়েলি দূতাবাসকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল শেকারচি এক বিবৃতিতে এ সতর্কবার্তা দেন। তার এই বক্তব্য আসে লেবাননে অবস্থানরত ইরানি প্রতিনিধিদের ২৪ ঘণ্টার মধ্যে দেশত্যাগের আল্টিমেটামের প্রেক্ষাপটে, যা ইসরায়েলের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানানো হয়।

জেনারেল শেকারচি বলেন, ‘এ পর্যন্ত বিশ্বের দেশগুলোর প্রতি সম্মান দেখিয়ে এবং সক্ষমতা থাকা সত্ত্বেও আমরা বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু করিনি।’


তবে তিনি সতর্ক করে বলেন, ইরানের কূটনৈতিক স্থাপনায় হামলা হলে নীতিতে সম্পূর্ণ পরিবর্তন আনা হবে। তার ভাষায়, ‘ইসরায়েল এমন অপরাধ করলে তাদের সব দূতাবাসকে আমরা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করতে বাধ্য হব। ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে নতজানু করতে দৃঢ়প্রতিজ্ঞ।’

এদিকে ইরানের ভাষ্যমতে, গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনের সূচনা হয়, যাতে ইসলামি বিপ্লবের নেতা খামেনি নিহত হন। পরবর্তী হামলায় এক হাজারের বেশি মানুষের মৃত্যু এবং বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে।

লেবাননেও ইসরায়েলি বিমান হামলা জোরদার হয়েছে বলে জানানো হয়। গত ৪৮ ঘণ্টায় অন্তত ৫০ জন নিহত ও ৩৫০ জন আহত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলি সামরিক স্থাপনায় ধারাবাহিক হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে। তারা জানিয়েছে, লেবাননের প্রতিরক্ষা ও আয়াতুল্লাহ খামেনির হত্যাকাণ্ডের জবাব হিসেবেই এসব হামলা পরিচালিত হচ্ছে।

এছাড়া ইরান পশ্চিম এশিয়াজুড়ে ইসরায়েল-নিয়ন্ত্রিত অঞ্চল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলেও প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সূত্র: প্রেস টিভি

Facebook Comments

Trending

Exit mobile version