অপরাধ
ভূমি অফিসে দালাল চক্রের তথ্য নেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকি
রাজধানীর লালবাগ রাজস্ব সার্কেলের আওতাধীন ভূমি অফিসগুলোতে সক্রিয় দালাল চক্রের তৎপরতা নিয়ে তথ্য সংগ্রহ করায় হুমকির মুখে পড়েছেন দৈনিক যুগান্তরের হাজারীবাগ প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।এ ঘটনায় ডিএমপির লালবাগ থানায় রোববার (৮ মার্চ) রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।জিডি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফুল হকের কার্যালয়ে গিয়ে ভূমি অফিসে সক্রিয় দালাল চক্রের বিষয়ে অনুসন্ধানমূলক তথ্য সংগ্রহ করেন যুগান্তরের ওই সংবাদকর্মী। এর সূত্রধরে রোববার বিকেলে লালবাগ ভূমি অফিসের দালাল সর্দার শেখ আনোয়ার নিজ ব্যবহৃত মোবাইল নম্বর থেকে সাংবাদিক জহিরুলের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে কল করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং দালালদের বিষয়ে কোনো সংবাদ প্রকাশ করলে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর ৪৩৮।জিডিতে তিনি উল্লেখ করেন, জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি দালালদের হুমকির মুখে পড়েছেন। যা তার ব্যক্তিগত নিরাপত্তার জন্য উদ্বেগজনক।এ বিষয়ে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আলী বলেন, সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments