জাতীয়
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে বিজিবির নতুন বিওপি উদ্বোধন
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে চোরাকারবার নিয়ন্ত্রণ ও সীমান্ত নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের জারুলিয়াছড়ি এলাকায় নির্মিত এই বিওপি উদ্বোধন করেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান।
নতুন জারুলিয়াছড়ি বিওপি উদ্বোধনের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির বিওপির সংখ্যা দাঁড়িয়েছে ১৫টিতে।
বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকসার খান বলেন, সীমান্ত এলাকায় তেলসহ বিভিন্ন ধরনের চোরাকারবার প্রতিরোধে বিজিবিকে কঠোর অবস্থানে থাকতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সদস্যদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।
তিনি বলেন, সরকার আন্তর্জাতিক সম্পর্ক বজায় রেখে সব দেশের সঙ্গে সুসম্পর্ক ও যৌক্তিক অধিকার রক্ষায় আন্তরিক। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ লক্ষ্য অর্জনে সীমান্তে বিজিবিকে দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
একই সঙ্গে স্থানীয় জনগণকে সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
বিজিবি সূত্রে জানা যায়, জারুলিয়াছড়িতে নতুন বিওপিটি নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ সীমান্ত পিলার-৪৬ থেকে প্রায় দেড় কিলোমিটার উত্তরে। এখানকার পুরোনো বিওপি থেকে প্রায় ২ কিলোমিটার উত্তর-পূর্বে সীমান্ত সড়কের কাছাকাছি স্থানে স্থাপন করা হয়েছে। দীর্ঘদিন ধরে এলাকাটি চোরাকারবারের ঝুঁকিপূর্ণ জোন হিসেবে পরিচিত ছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—বিজিবির রামু সেক্টর কমান্ডার কর্নেল মহিউদ্দিন, ১১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. কফিল উদ্দিন কায়েস, এফআইজি কক্সবাজারের লেফটেন্যান্ট কর্নেল মাহবুব এবং ১১ বিজিবির উপ-অধিনায়ক মেজর মো. আশিক ইকবালসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
Facebook Comments