বিশেষ সংবাদ

অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন হয়: সংসদে রাষ্ট্রপতি

Published

on

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগকে ফ‍্যাসিস্ট আখ্যা দিলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে দেওয়া ভাষণে আওয়ামী লীগকে উদ্দেশ করে এমনটা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন ফ‍্যাসিস্ট সরকারের পতন ঘটে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে তাঁবেদার ও ফ্যাসিবাদমুক্ত নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হয়েছে।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের এই উদ্বোধনী অধিবেশন দেশের ইতিহাসের এক ঐতিহাসিক মুহূর্ত। হাজারো শহীদের রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর একটি শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে।

রাষ্ট্রপতি তার ভাষণে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই আন্দোলনে প্রায় ৩০ হাজার মানুষ আহত ও পঙ্গু হয়েছেন, পাঁচ শতাধিক মানুষ তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। সরকার আহতদের চিকিৎসা নিশ্চিত করতে ১২৪৩টি স্বাস্থ্য কার্ড প্রদান করেছে এবং গুরুতর আহত ১৩৭ জনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠিয়েছে।

তিনি আরও জানান, শহীদদের স্মৃতি রক্ষার্থে ৬৪ জেলায় স্মৃতিস্তম্ভ এবং ঢাকায় জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর স্থাপনের কাজ চলমান রয়েছে।

এর আগে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন অধিবেশন কক্ষে প্রবেশ করার পরপরই বিরোধী দল জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্যরা দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় তাদের হাতে ‘জুলাইয়ের গাদ্দার’ লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেই সঙ্গে ‘ফ্যাসিস্টের দোসররা, হুঁশিয়ার সাবধান’, ‘শেখ হাসিনার দালালরা, হুঁশিয়ার সাবধান’—এমন নানা স্লোগান দেন তারা। পরে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউটও করেন।

Facebook Comments

Trending

Exit mobile version