সর্বশেষ
গাইবান্ধায় পুলিশের জুয়া খেলার ভিডিও ভাইরাল: দুই পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি
গাইবান্ধা জেলা শহরের ডেভিট কোম্পানিপাড়া এলাকার শহর পুলিশ ফাঁড়ির ভেতরে কয়েকজন পুলিশ সদস্যের টাকা দিয়ে তাস খেলার একটি ভিডিও এশিয়া পোস্টের ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে। সে সঙ্গে ঘটনাটি তদন্তে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন ।
ওই দুই পুলিশ সদস্য হলেন শহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম ও আখতার হোসেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একটি টেবিল ঘিরে কয়েকজন বসে তাস খেলছেন। টেবিলের ওপর ছড়িয়ে–ছিটিয়ে আছে ১০, ২০, ৫০০ ও ১ হাজার টাকার নোট। মাঝেমধ্যে অংশগ্রহণকারী ব্যক্তিদের কাউকে মানিব্যাগ থেকে টাকা বের করে টেবিলে রাখতে এবং তাস নিতে দেখা যায়। সেখানে পুলিশের পোশাক পরা একজনকে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন শনিবার দুপুরে মুঠোফোনে বলেন, ফাঁড়িতে কয়েকজন তাস খেলছিলেন। সেখানে বাইরের পুলিশ সদস্যও ছিলেন। তারা টাকা দিয়ে খেলেছেন, যা অপরাধ। ভিডিওতে যাদের শনাক্ত করা গেছে, তাদের পুলিশ লাইনসে প্রত্যাহার করা হয়েছে।
Facebook Comments