সর্বশেষ
বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান!
স্টাফ রিপোর্টার, বরগুনাঃ ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে বরগুনায় র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে বরগুনা পৌরশহরে এ জনসচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের কড়ইবাড়িয়া খালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. মো. আবুল ফাওয়াহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) ও পৌর প্রশাসক স্বজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ, জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমী, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান এবং রিপোর্টার্স ক্লাব বরগুনার সভাপতি তারিকুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
র্যালি শেষে অসহায়, দুস্থ ও পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে মশারি বিতরণ করা হয়। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক পোস্টার বিতরণ করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত আশপাশ পরিষ্কার রাখা, কোথাও পানি জমে থাকতে না দেওয়া এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।
Facebook Comments