আন্তর্জাতিক
হরমুজ সচল রাখতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে: ট্রাম্প
হরমুজ প্রণালি সচল রাখতে মিত্র দেশগুলো এগিয়ে না এলে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটের (ন্যাটো) ভবিষ্যৎ খুবই খারাপ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১৫ মার্চ) দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে যুক্তরাষ্ট্র যেভাবে সহায়তা করেছে, একইভাবে ইউরোপীয় দেশগুলোর উচিত হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করা।’
সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয় ইরান। ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, প্রণালিটি শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজের জন্য বন্ধ করা হয়েছে। বাকিদের জন্য এটি নিরাপদ। তবে তা সত্ত্বেও নিরাপত্তা ঝুঁকির কারণে প্রণালিটি কার্যত বন্ধ রয়েছে। ফলে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি বিঘ্নিত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম।
Facebook Comments