বিনোদন
আনকাট সেন্সর পেল ‘দম’, সব বয়সী দর্শকের জন্য উন্মুক্ত!
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা বহুল আলোচিত সিনেমা দম পেয়েছে ‘ইউ’ (সর্বসাধারণের জন্য উপযোগী) গ্রেডের সেন্সর সার্টিফিকেট। ফলে কোনো বয়সের বাধা ছাড়াই দর্শকরা প্রেক্ষাগৃহে বসে সিনেমাটি উপভোগ করতে পারবেন।সোমবার (১৬ মার্চ) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে কোনো ধরনের কর্তন ছাড়াই সিনেমাটিকে প্রদর্শনের অনুমতি দেওয়া হয়। ঈদ মৌসুমে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে ‘দম’ই প্রথম এই ছাড়পত্র পেল।চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রেদওয়ান রনি। দীর্ঘ প্রায় এক দশক পর বড় পর্দায় তার প্রত্যাবর্তন হওয়ায় সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে আলাদা আগ্রহ তৈরি হয়েছে। একইসঙ্গে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী—যা সিনেমাটির প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি-এর যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা ঘোষণার পর থেকেই আলোচনায় ছিল। সম্প্রতি প্রকাশিত পোস্টার ও ফার্স্ট লুক টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে পোস্টারে আফরান নিশোর দৃঢ় উপস্থিতি এবং টিজারে সাধারণ মানুষের সংগ্রামের আভাস দর্শকদের দৃষ্টি কেড়েছে।সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘দম’ সিনেমাটি একটি অনুপ্রেরণামূলক গল্প তুলে ধরবে বলে জানা গেছে। দর্শকদের মতে, এর ফার্স্ট লুকের প্রতিটি দৃশ্যেই বাস্তবতা ও আবেগের মিশেল স্পষ্টভাবে ফুটে উঠেছে।সিনেমাটির আরেকটি বড় আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ৪৪ বছর পর তিনি তার গাওয়া কালজয়ী গান এই মন তোমাকে দিলাম নতুনভাবে সংগীতায়োজন করে এই সিনেমার জন্য প্লেব্যাক করেছেন।কোনো কাটছাঁট ছাড়াই সেন্সর ছাড়পত্র পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি বলেন, “সব বয়সী দর্শকদের জন্য সিনেমাটি উন্মুক্ত হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত। ‘দম’-এ সাধারণ মানুষের সংগ্রাম ও জয়ের গল্প তুলে ধরা হয়েছে, যা দর্শকদের অনুপ্রাণিত করবে বলে আমরা বিশ্বাস করি।”প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দীর্ঘ আড়াই বছরের পরিশ্রমে নির্মিত এই সিনেমাটি সেন্সর বোর্ডের প্রশংসা পেয়েছে এবং কোনো ধরনের কর্তন ছাড়াই অনুমোদন পাওয়ায় গল্পের মৌলিকতা অক্ষুণ্ণ রয়েছে।আসন্ন ঈদে বড় পর্দায় মুক্তির জন্য এখন পুরোপুরি প্রস্তুত ‘দম’।
Facebook Comments