অর্থনীতি
যেকোনো সময় বন্ধ হতে পারে দেশের পেট্রোল পাম্প!
নিজস্ব প্রতিবেদকঃ জ্বালানি তেলের ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণে দেশের পেট্রোল পাম্পগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
রোববার (২২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, বর্তমানে সারাদেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা অত্যন্ত নাজুক। কোম্পানি থেকে সরবরাহকৃত দৈনিক জ্বালানি দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের চালকদের ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘ সময় বিরামহীন দায়িত্ব পালন করতে গিয়ে পাম্পে কর্মরতরা শারীরিক ও মানসিক চাপের মধ্যে পড়ছেন। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকলে যেকোনো সময় পাম্পগুলো বন্ধ করে দিতে বাধ্য হতে পারেন মালিকরা।
সংগঠনটি অভিযোগ করে, জ্বালানি বিপণন ব্যবস্থায় নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও জেলা প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাম্পগুলোতে তেল বিক্রির সময় পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় বিশৃঙ্খলা বাড়ছে।তাদের দাবি অনুযায়ী, ঈদের আগের দিন কিছু পাম্পে প্রায় ১০ হাজার লিটারের বেশি পেট্রল ও অকটেন মজুদ থাকলেও অতিরিক্ত চাপ ও বিশৃঙ্খলার কারণে তা খুব দ্রুত শেষ হয়ে যায়। এ পরিস্থিতিকে এক ধরনের “লুটতরাজ” হিসেবে উল্লেখ করেছে সংগঠনটি।
এছাড়া অভিযোগ উঠেছে, কিছু মোটরসাইকেল চালক দিনে একাধিকবার তেল নিয়ে বেশি দামে বিক্রি করছেন। অনেকেই আংশিক ভর্তি ট্যাংক নিয়েও বারবার তেল নিচ্ছেন, ফলে প্রকৃত প্রয়োজনীয় গ্রাহকরা বঞ্চিত হচ্ছেন।আরও উদ্বেগজনক বিষয় হলো—গভীর রাতে সংঘবদ্ধভাবে পাম্পে এসে জোরপূর্বক তেল নেওয়ার ঘটনাও ঘটছে।
ঠাকুরগাঁওয়ের একটি ঘটনায় লাঠিসোঁটা নিয়ে পাম্প থেকে জ্বালানি নিয়ে যাওয়ার অভিযোগ উঠে এসেছে।সংগঠনটি সতর্ক করে বলেছে, শুধু পাম্পেই নয়—ডিপো থেকে তেল পরিবহনের সময়ও নিরাপত্তা ঝুঁকি বাড়ছে। ট্যাংকার লুট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।এমন পরিস্থিতিতে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্তিশালী উপস্থিতি নিশ্চিত না করা হলে পাম্প মালিকরা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ করে দিতে পারেন বলে জানিয়েছে সংগঠনটি।
Facebook Comments