সর্বশেষ
আগৈলঝাড়ায় ঝড়ে গাছ ভেঙে মুক্তিযোদ্ধার স্ত্রী ও গাভী আহত!
বরিশাল, আগৈলঝাড়া:বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ঝড়ের সময় একটি গাছ ভেঙে পড়ে বীর মুক্তিযোদ্ধার বাড়ির গোয়ালঘরের ওপর। এতে মুক্তিযোদ্ধার স্ত্রী আহত হওয়ার পাশাপাশি একটি গাভীও আহত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার বাগধা ইউনিয়নের পূর্ব বাগধা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী শাখাওয়াত ভাট্রির রোপণ করা একটি আকাশমনি গাছ ঝড়ে ভেঙে গিয়ে বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান ভাট্রির বাড়ির দক্ষিণ পাশে থাকা দোচালা গোয়ালঘরের ওপর পড়ে। ওই সময় গোয়ালঘরে তিনটি গাভী ছিল এবং মুক্তিযোদ্ধার স্ত্রী মোসাম্মাদ জাহানারা বেগম গাভীগুলো বেঁধে দিচ্ছিলেন।হঠাৎ গাছটি ভেঙে পড়লে জাহানারা বেগম আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদিকে, আকস্মিক ঘটনায় আতঙ্কিত হয়ে গাভীগুলো ছোটাছুটি শুরু করলে একটি গাভীও আহত হয় এবং পরবর্তীতে খাবার গ্রহণ বন্ধ করে দেয় বলে জানা গেছে।বীর মুক্তিযোদ্ধা আঃ রহমান ভাট্রি জানান, ঝড়ের সময় প্রতিবেশী সাখাওয়াত ভাট্রির রোপণ করা গাছটি ভেঙে তাদের গোয়ালঘরের ওপর পড়ে। এতে তার স্ত্রী আহত হন, একটি গাভী ক্ষতিগ্রস্ত হয় এবং গোয়ালঘরেরও ব্যাপক ক্ষতি হয়।তবে অভিযুক্ত শাখাওয়াত ভাট্রি অভিযোগ অস্বীকার করে বলেন, গাছটি বড় হয়ে যাওয়ায় ঝড়ে ডালপালা নুয়ে পড়েছিল। তিনি দাবি করেন, রহমান ভাট্রি ও তার স্ত্রী নিজেরাই গাছের আগা টেনে ভেঙে ফেলেছেন এবং এখন তার ওপর দায় চাপাচ্ছেন।ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে বলে জানা গেছে।
Facebook Comments