অপরাধ
হাসপাতালে ঢুকে যুবককে কুপিয়ে জখম: গোপালগঞ্জে চাঞ্চল্য
গোপালগঞ্জ প্রতিনিধি:গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক যুবকের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (আজ) সকালে সংঘটিত এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন রাসেল বিশ্বাস (২৫), যিনি উপজেলার বর্ষাপাড়া গ্রামের বাসিন্দা।চিকিৎসক ও স্বজনদের বরাতে জানা গেছে, রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে রাসেলের পরিবার ও তার চাচা পান্না বিশ্বাসের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে পান্না বিশ্বাসের লোকজন রাসেলকে মারধর করে আহত করে।পরদিন সকালে গুরুতর আহত অবস্থায় তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ রয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই হামলাকারীরা সেখানে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।রাসেলের ভাই রবিউল বিশ্বাস অভিযোগ করে বলেন, “জমি নিয়ে বিরোধের জেরে আমার ভাইকে প্রথমে মারধর করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর শাওন, বাবু, মানিক, অনিক ও হাফিজুরসহ কয়েকজন মিলে চায়নিজ কুড়াল দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।”এ বিষয়ে অভিযুক্ত পান্না বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মৃদুল কুমার দাস জানান, “সকালে এক রোগীকে চিকিৎসার জন্য আনা হলে কয়েকজন দুর্বৃত্ত হাসপাতালে ঢুকে তার ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।”ঘটনার বিষয়ে কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) সুব্রত মালো বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নজরদারিতে রেখেছে।
Facebook Comments