রাজনীতি

মীমাংসার জন্য ডেকে এনে বিএনপি সমর্থকদের কোপাল ছাত্রলীগ

Published

on

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় মীমাংসার জন্য ডেকে এনে বিএনপি সমর্থকদের কুপিয়েছে ছাত্রলীগ। তবে স্থানীয়দের অভিযোগ পূর্বশত্রুতার জেরে এ হামলা হয়েছে।শুক্রবার (২৭ মার্চ) সকালে উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরীবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।ছাত্রলীগের হামলায় আহতরা হলেন—মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২) ও মহাসিন সরদার (২৯)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে শাওন ও মালেক খানের সমর্থকদের মধ্যে রাজনৈতিক বিরোধ চলে আসছিল। ঈদ আসলেই দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটত। তবে ৫ আগস্টের পর শাওন ও তার লোকজন এলাকায় ছিল না। এই ঈদেই তারা এলাকায় আসেন এবং সম্প্রতি বিরোধ মীমাংসার কথা বলে মালেক খানসহ কয়েকজনকে শাওনের বাড়িতে ডেকে নিয়ে যান।অভিযোগ রয়েছে, মীমাংসার বৈঠকের কথা বলে ডেকে এনে পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায় শাওন ও তার সহযোগীরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে ফেলে রাখা হয় তাদের।পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাস্থলের একটি লাইভ ভিডিও দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। এরপর গুরুতর আহত অবস্থায় ভুক্তভোগীদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাত নামে আরেকজনের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও এলাকায় অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Facebook Comments

Trending

Exit mobile version