আন্তর্জাতিক

ইরান যুদ্ধে নতুন মোড়: বন্ধের ঝুঁকিতে বিশ্ববাণিজ্যের আরেক গুরুত্বপূর্ণ পথ

Published

on

ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে সরাসরি সংঘাতে যোগ দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এতে মাসব্যাপী চলা এই সংঘাত নতুন মোড় নিল।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে হামলা অব্যাহত থাকলে হস্তক্ষেপ করার হুমকি দেওয়ার এক দিন পরই ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল হুতিরা। তবে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিহত করেছে। ইরানের রাজধানী তেহরানেও বড় ধরনের বিমান হামলার খবর পাওয়া গেছে।

গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় খুব একটা ক্ষয়ক্ষতি হয়নি। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই মাঝপথে আটকে দিয়েছিল ইসরায়েল। তবে ২০২৪ সালের জুলাইয়ে দৃশ্যপট পাল্টে যায়। ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ভেদ করে একটি হুতি ড্রোন তেল আবিবে আঘাত হানে। এতে একজন নিহত হন।

ইসরায়েলে হুতিদের হামলায় বড় কোনো সামরিক চ্যালেঞ্জ তৈরির সম্ভাবনা কম। তবে হুতিরা যদি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেয় বা হামলা করে, সেটি বড় মাথাব্যথার কারণ হতে পারে।

যুদ্ধ শুরুর পর বিশ্ববাণিজ্যের একটি বড় পথ হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। ফলে এই পথ এড়িয়ে সৌদি আরব লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর দিয়ে একটি পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন প্রায় ৪০ লাখ ব্যারেল তেল পাঠাচ্ছে। এশিয়ার বাজারের উদ্দেশ্যে পাঠানো এই তেলের জাহাজগুলো ইয়েমেনের পাশ দিয়ে দক্ষিণ দিকে যাতায়াত করে।

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের শুরু পর্যন্ত হুতিরা লোহিত সাগরে যাতায়াত করা জাহাজগুলোতে প্রায় ২০০টি হামলা চালিয়েছে। এতে অন্তত ৩০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে; ছিনতাই হয়েছে অন্তত একটি। সে সময় এই হামলার ফলে বাব আল-মানদাব প্রণালি ও সুয়েজ খাল দিয়ে জাহাজ চলাচল প্রায় ৫০ শতাংশ কমে যায়।

হরমুজ প্রণালির সঙ্গে সঙ্গে যদি হুতিরা লোহিত সাগরের পথটিও বন্ধ করে দেয়, তবে বিশ্ববাণিজ্যে এর ফল হবে বিপর্যয়কর।হুতিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম সংখ্যালঘুদের (জাইদি সম্প্রদায়) প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র রাজনৈতিক ও ধর্মীয় গোষ্ঠী। ২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে রাজধানী সানা থেকে উৎখাত করার পর বর্তমানে তারা দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাজধানী তেহরানে শুক্রবার রাতে ভয়াবহ হামলা চালানো হয়েছে। এমন একসময়ে এই হামলা হলো, যখন দেশটি টানা চার সপ্তাহ ধরে ‘ইন্টারনেট ব্ল্যাকআউট’-এর মধ্যে রয়েছে।দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহরে রাতভর হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে বিপুলসংখ্যক পরিবার বাস্তুচ্যুত হয়েছে।সৌদি আরবের রিয়াদ অভিমুখে আসা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ‘সীমিত ক্ষয়ক্ষতির’ খবর পাওয়া গেছে।

যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ববাজারেও। টানা চার সপ্তাহ ধরে দরপতনের শিকার হয়ে মার্কিন শেয়ারবাজারের তিনটি প্রধান সূচকই শুক্রবার নিম্নমুখী অবস্থায় বন্ধ হয়েছে।জেরুজালেমে অবস্থানরত সংবাদ বিশ্লেষকদের মতে, হুতিদের এই সরাসরি হস্তক্ষেপ মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর এবং দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিল।

Facebook Comments

Trending

Exit mobile version