সর্বশেষ

ভুয়া ডাক্তার তৈরির কারখানা বন্ধ করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

Published

on

দেশের প্রতিটি বেসরকারি মেডিকেল কলেজকে একটি ‘মিনিমাম স্ট্যান্ডার্ড’ বজায় রাখতে হবে জানিয়ে স্বাস্থ্যে প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, অনিয়ম থেকে নিয়মের বাংলাদেশ গড়া হবে। ক্লিনিক ও নার্সের মত ভুয়া ডাক্তার তৈরির কারখানাও বন্ধ করতে হবে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে সচিবালয়ে বিভিন্ন মেডিকেল কলেজের ফাইল দেখে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জনবল, হাসপাতাল এবং রোগী না থাকলে কোনো প্রতিষ্ঠান চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, আমি এমন কিছু মেডিকেল কলেজের ফাইল দেখতে পাচ্ছি যারা বিন্দুমাত্র নীতি-নিয়মের তোয়াক্কা করছে না। বছরের পর বছর বলার পরেও তারা একটি শিক্ষা প্রতিষ্ঠানের বদলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মতো কার্যক্রম চালাচ্ছে। অনেক কলেজের নিজস্ব জমি নেই, এমনকি আমানতের দলিলপত্রও নেই। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই চলছে অনেকগুলো প্রতিষ্ঠান।

ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, সেখানে না আছে হাসপাতাল, না আছে রোগী। তাহলে শিক্ষার্থীরা সেখানে ভর্তি হয়ে কীভাবে চিকিৎসক হিসেবে গড়ে উঠবেন? অভিভাবকরা তাদের সারা জীবনের কষ্টার্জিত অর্থ সন্তানদের পেছনে ব্যয় করছেন, কিন্তু শেষ পর্যন্ত তারা প্রতারিত হচ্ছেন। প্রশিক্ষণহীন এই চিকিৎসকরা যখন বের হবেন, তখন জনগণের জীবন চরম নিরাপত্তাহীনতায় পড়বে।

জনগণকে এই অভিযানে সমর্থন জানানোর আহ্বান জানিয়ে এম এ মুহিত বলেন, জনস্বার্থে আমাদের এই লড়াই চলবে। আপনাদের সমর্থন থাকলে আমরা অবশ্যই বিজয়ী হব এবং মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করব।

Facebook Comments

Trending

Exit mobile version