জাতীয়
মৎস্যসম্পদ রক্ষায় সাগর ও নদীতে বাংলাদেশ নৌবাহিনীর ব্যাপক অভিযান!
নিজস্ব প্রতিবেদক:দেশের সামুদ্রিক সম্পদ, জীববৈচিত্র্য ও জাতীয় অর্থনৈতিক স্বার্থ রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সাগর ও উপকূলীয় অঞ্চলে ব্যাপক অভিযান পরিচালনা করছে। জাটকা সংরক্ষণ, অবৈধ জাল জব্দ এবং নিষিদ্ধ সময়ে মাছ আহরণ বন্ধ নিশ্চিত করতে নৌবাহিনীর চলমান অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল ও মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হয়েছে।রোববার (১০ মে) বাংলাদেশ নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ ফেব্রুয়ারি থেকে ‘জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম-২০২৬’ এবং ১৫ এপ্রিল থেকে বঙ্গোপসাগরে ‘৫৮ দিন সকল প্রকার মৎস্য আহরণ বন্ধ কার্যক্রম’ বাস্তবায়নে নৌবাহিনী সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে।জাটকা সংরক্ষণ কার্যক্রমের আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, চাঁদপুর, খুলনা, বাগেরহাট, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর ও বরগুনাসহ দেশের ৯টি জেলায় সমন্বিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন এলাকায় নৌবাহিনীর জাহাজ ও ঘাঁটি মোতায়েন রেখে নিয়মিত টহল ও বিশেষ অভিযান চালানো হচ্ছে।অভিযানে ৪৫ সেন্টিমিটার বা তার কম ব্যাসের নিষিদ্ধ কারেন্ট জাল, মশারি জাল, চায়না দুয়ারি জাল, সুতা জাল ও বাঁধা জাল ব্যবহার করে মাছ শিকার প্রতিরোধ করা হচ্ছে। আটক করা অবৈধ জাল স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হচ্ছে। পাশাপাশি জেলেদের সরকারি নির্দেশনা মেনে চলতে উদ্বুদ্ধ ও সচেতন করা হচ্ছে।নৌবাহিনীর তথ্য অনুযায়ী, চলমান জাটকা বিরোধী অভিযানে এখন পর্যন্ত প্রায় ৫১৪ কোটি ৬৮ লাখ ৯৩ হাজার ২১০ টাকা মূল্যের ৩ কোটি ৪০ লাখ ৭৮ হাজার ৭০৫ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া বেহুন্দি, টং জাল ও চায়না রিংসহ ৮৬১টি নিষিদ্ধ জাল, ৩৭ কেজি জাটকা এবং একটি বোট জব্দ করা হয়েছে। উদ্ধার করা জাটকা মৎস্য অধিদপ্তরের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ অভিযান আগামী ১৫ মে পর্যন্ত চলবে।এদিকে, বঙ্গোপসাগরে ৫৮ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করতে নৌবাহিনীর তিনটি জাহাজ সমুদ্রে টহল দিচ্ছে। মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সব ধরনের মাছ আহরণ বন্ধে নিয়মিত সমুদ্র টহল ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফটের মাধ্যমে আকাশ নজরদারিও চালানো হচ্ছে।নৌবাহিনী জানিয়েছে, ১৪ এপ্রিলের মধ্যেই মাছ ধরায় নিয়োজিত সব ট্রলার ও ফিশিং বোটকে উপকূলে ফিরিয়ে আনা হয়েছে। এরপরও কেউ নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরতে না পারে, সে লক্ষ্যে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।এই অভিযানে এখন পর্যন্ত আনুমানিক ২৭ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ২৩ হাজার ৫০০ মিটার অবৈধ জাল এবং ৪১টি নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। সরকার ঘোষিত ৫৮ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা আগামী ১১ জুন পর্যন্ত বহাল থাকবে।এছাড়া দেশের মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত ১৬টি উপকূলীয় জেলায় ‘বিশেষ কম্বিং অপারেশন-২০২৬’ পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী। এ অভিযানে প্রায় ১৫৮ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের ২ কোটি ২৬ লাখ ৫৪ হাজার ১৬০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়।একইসঙ্গে ২ হাজার ৩৫৭টি নিষিদ্ধ জাল, পাঁচটি বোট এবং ৯০৩ কেজি জাটকা উদ্ধার করা হয়। উদ্ধার করা বোট স্থানীয় থানায় হস্তান্তর এবং জব্দ করা জাল ধ্বংস করা হয়। উদ্ধারকৃত জাটকা স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী বলছে, জাতীয় সম্পদ ইলিশসহ দেশের সামগ্রিক মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments