খেলা
বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে, ততই বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। ভারতের মাটিতে খেলতে নিরাপত্তাজনিত শঙ্কার কথা জানিয়ে সফরে যেতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিকল্প হিসেবে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দেওয়া হলেও তা নাকচ করে দিয়েছে আয়ারল্যান্ড। ফলে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।
সম্প্রতি ঢাকায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বিসিবি পুনরায় জানায়, নিরাপত্তা শঙ্কার কারণে তারা ভারত সফরে যেতে প্রস্তুত নয়। তবে আইসিসির পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে, ভারতের ভেন্যুগুলোতে বাংলাদেশের জন্য কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই।
আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের কর্মকর্তা অ্যান্ড্রু এফগ্রেভ ঢাকায় এসে বিসিবিকে ভারতে খেলতে রাজি করানোর চেষ্টা করেন। তবে তিনি ম্যাচ শ্রীলঙ্কা বা অন্য কোনো ভেন্যুতে সরিয়ে নেওয়ার বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি। একই সঙ্গে ভিডিও কলে যুক্ত আইসিসি কর্মকর্তা গৌরব সাক্সেনা জানিয়েছেন, শেষ মুহূর্তে সূচি বা গ্রুপ পরিবর্তন করা বাস্তবসম্মত নয়।
এ অবস্থায় ক্রিকেটপ্রেমীদের মনে প্রশ্ন জেগেছে—বাংলাদেশ যদি শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে কোন দল তাদের জায়গা পাবে?
আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ সরে দাঁড়ালে র্যাংকিংয়ের ভিত্তিতে বিশ্বকাপের টিকিট পেতে পারে স্কটল্যান্ড। সবকিছু নির্ভর করবে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।
বাংলাদেশের সম্ভাব্য অনুপস্থিতি বিশ্বকাপের গ্রুপ বিন্যাস ও সূচিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
