আন্তর্জাতিক
ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা ট্রাম্পের, ভিডিও সরাল হোয়াইট হাউস
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিডিওতে ওবামা দম্পতিকে বানরের সঙ্গে তুলনা করেন তিনি।
অবশ্য সমালোচনার মুখে ভিডিওটি সরিয়ে নিয়েছে হোয়াইট হাউস। খবর রয়টার্সের।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প ভিডিওটি পোস্ট করেন। এতে ওবামা দম্পতিকে বানরের মরদেহের সঙ্গে দেখানো হয়। এ নিয়ে তীব্র সমালোচনার মুখে শুক্রবার দুপুরে হোয়াইট হাউস জানায়, ভিডিওটি ট্রাম্পের পেজ থেকে সরিয়ে নেওয়া হয়েছে।ট্রাম্প বৃহস্পতিবার রাত ১১টা ৪৪ মিনিটে প্রায় এক মিনিটের ভিডিওটি শেয়ার করেন।
ভিডিওটির বেশির ভাগ অংশে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে ভিত্তিহীন দাবি তুলে ধরা হয়। শেষ দিকে হঠাৎ করে কয়েক সেকেন্ডের জন্য ওবামা দম্পতির মুখ ভেসে ওঠে। সে সময় ব্যাকগ্রাউন্ডে ‘দ্য লায়ন স্লিপস টুনাইট’ গানটি বাজতে থাকে।
এরপর ভিডিওটি আপত্তিকর দৃশ্যের মাধ্যমে শেষ হয়।এ বিষয়ে এবিসি নিউজ ওবামা দম্পতির সহকারীদের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো মন্তব্য করেননি।শুক্রবার ভোরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট প্রথম প্রতিক্রিয়ায় বলেন, এটি একটি ইন্টারনেট মিম ভিডিও থেকে নেওয়া, যেখানে ট্রাম্পকে ‘বনের রাজা’ হিসেবে দেখানো হয়েছে।
তিনি সমালোচনাকে ‘ভুয়া ক্ষোভ’ বলে মন্তব্য করেন। তবে পরে শুক্রবার বিকেলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এবিসি নিউজকে জানান, একজন কর্মী ভুলবশত ভিডিওটি পোস্ট করেছিলেন। ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি। এর মধ্যেই ট্রাম্প ভিডিওটি আবার পোস্ট করেন।
পুনরায় পোস্ট করা সংস্করণে শুধু ওবামা পরিবারের ছবি ছিল।লেভিট যে মিম ভিডিওটির কথা বলেছেন, সেটি গত অক্টোবরে কেন্টাকির হার্ডিন কাউন্টি রিপাবলিকান পার্টির ফেসবুক পেজে শেয়ার করা হয়েছিল। তখন তীব্র সমালোচনার মুখে দলের চেয়ারম্যান ক্ষমা চান এবং পোস্টটি মুছে ফেলেন। সমালোচকেরা উল্লেখ করেন, কৃষ্ণাঙ্গদের ‘বানর’ হিসেবে উপস্থাপন করার বর্ণবাদী প্রবণতার দীর্ঘ ও ক্ষতিকর ইতিহাস রয়েছে।
এই ভিডিও পুনরায় পোস্ট করায় ক্যাপিটল হিলে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের অনেকে নিন্দা জানিয়েছেন। কেউ কেউ ভিডিওটি সরিয়ে নেওয়া এবং প্রেসিডেন্টের ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন।হাউস ডেমোক্র্যাটিক নেতা হাকিম জেফ্রিস এক্সে লিখেছেন, ওবামা দম্পতি দেশপ্রেমিক ও সম্মানিত আমেরিকান, যারা দেশের সেরা মূল্যবোধের প্রতিনিধিত্ব করেন। তিনি রিপাবলিকানদের ট্রাম্পের আচরণের নিন্দা জানানোর আহ্বান জানান।সিনেটের একমাত্র কৃষ্ণাঙ্গ রিপাবলিকান সদস্য সিনেটর টিম স্কট বলেন, এটি হোয়াইট হাউস থেকে দেখা সবচেয়ে বর্ণবাদী বিষয়গুলোর একটি।
তার মতে, ভিডিওটি সরিয়ে ফেলা উচিত। রিপাবলিকান সিনেটর রজার উইকারও একে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করে ক্ষমা চাওয়ার দাবি জানান।সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার একে ‘বর্ণবাদী ও বিপজ্জনক’ আখ্যা দিয়ে বলেন, প্রেসিডেন্টের উচিত অবিলম্বে পোস্টটি মুছে ফেলে ওবামা দম্পতির কাছে ক্ষমা চাওয়া।
