বিনোদন
নারী গ্যাংস্টার গল্পে দ্বৈত চরিত্রে তিশা
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মডেলিং ও ফ্যাশন জগৎ থেকে শোবিজে যাত্রা শুরু করে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দ্রুতই জনপ্রিয়তা অর্জন করেন তিনি। নিয়মিত কাজ করছেন ওটিটি প্ল্যাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্রতে। শুধু তাই নয়, ঢালিউডের বড় বাজেটের ছবি ‘সোলজার’-এ নায়িকা হিসেবে দেখা যাবে তাকে।এদিকে এবারের ঈদে প্রেম-বিরহের চেনা গল্পের বাইরে গিয়ে দর্শকদের জন্য আসছে এক ভিন্নধর্মী নারীকেন্দ্রিক অ্যাকশন থ্রিলার—‘গোলাপী’। বাংলাদেশি টিভি নাটকে নারী গ্যাংস্টার ঘরানার গল্প খুব একটা দেখা যায় না। সেই জায়গা থেকেই আলাদা হয়ে উঠতে যাচ্ছে এই নাটকটি। নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘গোলাপী’ এক রহস্যময় ও দুর্ধর্ষ নারী। এই চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, যাকে নাটকটিতে দ্বৈত রূপে দেখা যাবে।
একদিকে কোমল, অন্যদিকে ভয়ংকর—দুটি ভিন্ন সত্তার মিশেলে গড়ে উঠেছে চরিত্রটি। নাটকে গুরুত্বপূর্ণ আরেকটি চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। গল্পে তিনি নায়ক না ভিলেন—সেই ধোঁয়াশাই তৈরি করবে নাটকের সাসপেন্স।মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করেছেন পরিচালক রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে আছেন রাজু রাজ।নির্মাতা বলেন, এই নাটকে যেমন বস্তির চালচিত্র তুলে ধরা হয়েছে। তেমনি পকেটমার থেকে গ্যাংস্টারদের রাজনীতিও তুলে ধরা হয়েছে। এটি একটি অ্যাকশন থ্রিলার। সঙ্গে রোমান্টিক বিষয়টিও থাকছে।সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এই ব্যতিক্রমী গল্প।
