আন্তর্জাতিক
ইরানের সরকার পতনের সম্ভাবনা নেই, বলছে মার্কিন গোয়েন্দা
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা বোমাবর্ষণের পরও ইরানের শাসনব্যবস্থা এখনও অটুট রয়েছে এবং অদূর ভবিষ্যতে দেশটির সরকার ব্যবস্থা ভেঙে পড়ার কোনো ঝুঁকিও দেখা যাচ্ছে না। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে এই ধরনের মূল্যায়ন উঠে এসেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন সম্পর্কে কথা বলেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক দিনের মধ্যেই সর্বশেষ গোয়েন্দা মূল্যায়নটি সম্পন্ন হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হলেও দেশটির ধর্মীয় নেতৃত্বের ভেতরে যে সংহতি রয়েছে, প্রতিবেদনে তা তুলে ধরা হয়েছে।
ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, রুদ্ধদ্বার বৈঠকে ইসরায়েলি কর্মকর্তারাও স্বীকার করেছেন, এই যুদ্ধের ফলে ইরানের ধর্মীয় সরকারের পতন ঘটবে, এমন কোনো নিশ্চয়তা নেই।
তবে সূত্রগুলো জোর দিয়ে বলেছে, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে এবং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিও যেকোনো সময় পরিবর্তিত হতে পারে। তবে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের অফিস অব দ্য ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি হোয়াইট হাউসের পক্ষ থেকেও।
