Uncategorized
গলাচিপায় ভূমিদস্যুদের দৌরাত্ম্য: জমি-গাছ দখলের অভিযোগে অতিষ্ঠ কৃষক পরিবার!
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভূমিদস্যুদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে পড়েছেন কৃষক মিরাজ দালাল ও তার পরিবার। জমি দখল, গাছ কেটে নেওয়া এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের অর্ধন গ্রামের দালাল বাড়িতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারের দাবি, গত ২১ নভেম্বর ২০২৫ বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয় মারুফ দালালসহ তার সহযোগীরা সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়ির জমিতে থাকা বিভিন্ন প্রজাতির প্রায় ১০০টি গাছ কেটে নিয়ে যায়।কৃষক মিরাজ দালালের মা মোরশেদা বেগম জানান, তার স্বামী লাল মিয়া দালালের রেখে যাওয়া সম্পত্তির ওপর দীর্ঘদিন ধরে নজর রয়েছে একটি প্রভাবশালী চক্রের। তিনি অভিযোগ করে বলেন, “তারা শুধু গাছই কেটে নেয়নি, আমাদের জমির ধানও জোরপূর্বক কেটে নিয়ে গেছে। একাধিকবার থানায় বসাবসি হলেও কোনো সমাধান পাইনি।”তিনি আরও অভিযোগ করেন, তার ছেলে মিরাজ দালালকে মিথ্যা রাজনৈতিক মামলায় জড়িয়ে কারাগারে পাঠানো হয়েছে এবং পরিবারের সদস্যদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।ভুক্তভোগী মিরাজ দালাল বলেন, “আমার বাবার সম্পত্তি জোর করে ভোগদখল করছে মারুফ দালাল গং। আমাদের নিজেদের জমিতে যেতে পর্যন্ত বাধা দেওয়া হচ্ছে। আমরা এখন চরম অনিশ্চয়তার মধ্যে আছি।”এ বিষয়ে অভিযুক্ত মারুফ দালাল ও তার সহযোগীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তারা অভিযোগ এড়িয়ে যান।রতনদি তালতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করা হচ্ছে।গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান বলেন, “লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”স্থানীয়দের মতে, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
