সর্বশেষ
পাম্পে তেল নিয়ে সংঘর্ষ থামাতে গিয়ে মারধরের শিকার পুলিশ
মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়া কেন্দ্র করে মোটরসাইকেল আরোহী ও পাম্প কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের এক সদস্য আহত হয়েছেন। এ সময় তার ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেছেন পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর।
শনিবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে বাঁশবাড়িয়া গ্রামের গাংনী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্য গোপাল চন্দ্র কর গাংনী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহীদের জন্য ৫০০ টাকার নির্ধারিত তেল সরবরাহ করা হচ্ছিল। তবে অতিরিক্ত তেল নেওয়া নিয়ে কয়েকজনের সঙ্গে পাম্প কর্মচারীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করতে গিয়ে কনস্টেবল গোপাল চন্দ্র কর হামলার শিকার হন। তাকে মারধর করা হয় এবং তার ব্যবহৃত ফোন ছিনিয়ে নেওয়া হয়।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) আল মামুন জানান, ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। পাম্পের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হযেছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
