সর্বশেষ
পেট্রোল পাম্পে বাইকারদের সঙ্গে দুর্ব্যবহার, এএসআই ক্লোজড
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের চালকদের মারধর ও অসদাচরণের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযুক্ত ওই কর্মকর্তার নাম আব্দুল্লাহ আল মামুন। তিনি কালীগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে দায়িত্বরত ছিলেন।
শনিবার (২৮ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ শহরের যশোর-ঝিনাইদহ সড়কের আয়েশা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, তেল নিতে আসা মোটরসাইকেল চালকদের অতিরিক্ত ভিড়ের কারণে সেখানে শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। এ সময় বাইকারদের লাইনে দাঁড়িয়ে তেল নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ রয়েছে, এএসআই আব্দুল্লাহ আল মামুন কয়েকজন চালককে লাঠি দিয়ে মারধর করেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এমনকি কয়েকটি মোটরসাইকেলে আঘাত করে ক্ষতিগ্রস্ত করেন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরায় তার এমন আচরণের ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
