আন্তর্জাতিক
পরিচালকের ভুলেই অভিনেত্রীর পরিচিতি ‘কোয়েল’— তাহলে আসল নাম কী!
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক—এই নামেই তাকে চেনে বাংলা চলচ্চিত্র জগৎ। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানালেন, ‘কোয়েল’ আদতে তার আসল নাম নয়।ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানান, তার প্রকৃত নাম রুক্মিণী মল্লিক। স্কুল জীবনেও তিনি এই নামেই পরিচিত ছিলেন। কিন্তু অভিনয় জীবনের শুরুতেই এক অনিচ্ছাকৃত ভুলে বদলে যায় তার পরিচয়।অভিনেত্রীর কথায়, তার প্রথম ছবি ‘নাটের গুরু’-র পরিচালক হরনাথ চক্রবর্তী তার আসল নাম জানতেন না। যেহেতু ‘কোয়েল’ নামটি খুব বেশি ব্যবহৃত হয় না, তাই পরিচালক ধরে নেন সেটিই তার প্রকৃত নাম। অভিনেত্রীকে জিজ্ঞাসা না করেই ছবিতে সেই নাম ব্যবহার করা হয়। এরপর থেকেই ইন্ডাস্ট্রিতে তিনি পরিচিত হয়ে ওঠেন কোয়েল মল্লিক নামে।কোয়েল আরও জানান, যদি ছবিতে তার আসল নাম ব্যবহার হতো, তাহলে একই ইন্ডাস্ট্রিতে দু’জন অভিনেত্রী একই নামে পরিচিত হতেন—রুক্মিণী মৈত্র এবং রুক্মিণী মল্লিক। সেই দিক থেকে দেখলে পরিচালকের এই ছোট্ট ভুলই তার কেরিয়ারের ক্ষেত্রে সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছে।বর্তমানে কোয়েল অভিনীত ছবি ‘মিতিন মাসি: একটি খুনির সন্ধানে’ প্রেক্ষাগৃহে দর্শকদের মন কেড়েছে। এর আগে ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে তিনি বড় পর্দায় সফলভাবে কামব্যাক করেন। আগামী দিনে তাকে দেবের বিপরীতে ‘খাদান ২’ ছবিতে দেখা যেতে পারে বলেও ইন্ডাস্ট্রি সূত্রে খবর।
