সর্বশেষ
কদমতলীতে গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ঢাকা: রাজধানীর কদমতলীর কুদার বাজার এলাকায় দুর্বৃত্তদের হামলায় শাহাবুদ্দিন (৪০) নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (রাত) আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় স্বজনরা শাহাবুদ্দিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বড় ভাই মহিউদ্দিন জানান, শাহাবুদ্দিন কদমতলী-জুরাইন এলাকায় পরিবারসহ বসবাস করতেন। তিনি আগে ভাঙারি ব্যবসার সঙ্গে জড়িত থাকলেও গত দুই মাস ধরে বাড়ির নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছিলেন। মঙ্গলবার রাতে কুদার বাজার এলাকায় দুর্বৃত্তরা চাপাতি দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও বলেন, কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে তারা এখনো নিশ্চিত নন।এ বিষয়ে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে পূর্বশত্রুতার জেরেই শাহাবুদ্দিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তিনি বলেন, নিহত ব্যক্তি স্থানীয়ভাবে পরিচিত ছিলেন এবং ব্যবসা পরিচালনা করতেন। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
