Connect with us
Porikromanews 728x60 Banner

আইন-আদালত

সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা মারা গেছে

Published

on

সীমান্তে গুলিবিদ্ধ শিশু হুজাইফা মারা গেছে

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার মামা মাহফুজুর রহমান।হুজাইফা কক্সবাজারের সীমান্ত লাগোয়া উপজেলা টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল গ্রামের জসিম উদ্দিনের মেয়ে।এর আগে গত ১১ জানুয়ারি সকালে দাদার সঙ্গে নাশতা আনতে যান হুজাইফা।

এ সময় টেকনাফের হোয়াইক্যংয়ে সীমান্তে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আরাকান আর্মির ছোড়া গুলিতে আহত হয় সে। এদিন সন্ধ্যা ৬টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে নিয়ে আসা হয়।

চিকিৎসকরা তখন জানিয়েছিলেন, হুজাইফার মস্তিষ্কে গুলি রয়ে গেছে। মস্তিষ্কের চাপ কমাতে খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে। এরপর হুজাইফাকে হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) লাইফ সাপোর্টে রাখা হয়।

এরপর ১৩ জানুয়ারি রাত ১০টা ৪৫ মিনিটে হুজাইফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে ভর্তি করা হয়। ২৮ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তার মৃত্যু হয়।

💬 Click to view comments