আন্তর্জাতিক
ইসরায়েলে জনসমাগম নিষিদ্ধ, বন্ধ হলো স্কুল
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল সরকার দেশজুড়ে জনসমাগম নিষিদ্ধ করেছে। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও অনেক কর্মস্থল। হাসপাতালের রোগীদের নিরাপত্তার স্বার্থে ভূগর্ভস্থ সুরক্ষিত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। খবর আলজাজিরা।
দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জাতীয়ভাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য হামলার ঝুঁকি মোকাবিলায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা বাহিনী।
পুলিশ সাধারণ মানুষকে অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা যানবাহন যাতে দ্রুত চলাচল করতে পারে, সে জন্য সড়কে চাপ কম রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা সাম্প্রতিক সময়ে আরও বেড়েছে। দুই দেশের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক মহলেও উদ্বেগ সৃষ্টি করেছে। পরিস্থিতি আরও জটিল হলে আঞ্চলিক নিরাপত্তা ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব পড়তে পারে।
এদিকে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, জরুরি সতর্কবার্তা ব্যবস্থা সক্রিয় করা এবং সামরিক প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।
