আন্তর্জাতিক
মুজতাবা খামেনির তথ্যের জন্য পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনিসহ শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১৩ মার্চ) দেশটির পররাষ্ট্র দপ্তরের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিসের প্রকাশিত একটি পোস্টারে এসব ব্যক্তিদের নাম উল্লেখ করে পুরস্কারের কথা উল্লেখ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেওয়া তালিকায় রয়েছেন নিহত সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপ-প্রধান স্টাফ আলি আসগর হেজাজি, শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি, সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ সামরিক উপদেষ্টা ইয়াহিয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দামন্ত্রী এস্মাইল খাতিব।
এদিকে শুক্রবার তেহরানে অনুষ্ঠিত আল-কুদস দিবসের মিছিলে অংশ নেন আলি লারিজানি এবং পরে সামাজিক মাধ্যমে নিজের অংশগ্রহণের ছবিও প্রকাশ করেন।
